কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি নামে-বেনামে ভক্তদের নানা মনোবাসনা পূরণের চিঠি পাওয়া যায়। এবার সেখানে মিলেছে এমনই এক ব্যতিক্রমী চিঠি, যেখানে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখার আকুতি জানিয়েছেন এক স্বপ্নবাজ ফুটবলপ্রেমী।
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় দীর্ঘ ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। বাক্সগুলো খোলার পর মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়। টাকা গোনার এই সময়েই অন্যান্য অনেক চিঠির মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে লেখা এই বিশেষ চিঠিটি পাওয়া যায়।
ওই চিঠিতে প্রেরক লিখেছেন, "বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহন করুক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নতি করুন, খেলোয়ারদের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন......।"
চিঠির নিচে প্রেরক নিজের পরিচয়ের স্থানে কেবল ‘একজন স্বপ্নবাজ বাংলাদেশী ফুটবল প্রেমী’ কথাটি উল্লেখ করেছেন।
ডিবিসি/আরএসএল