সারা বাংলা, স্বাস্থ্য
২০ টাকায় মিলছে চিকিৎসা!
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ নামকরা চিকিৎসকরা বক্ষব্যাধি, কিডনি, গাইনি, শিশু, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও চক্ষুসহ প্রায় সব ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র দিচ্ছেন মাত্র ২০ টাকায়।
ভালো চিকিৎসকের জন্য মানুষ ঢাকা-চট্টগ্রাম ছুটে যান। অথচ মানুষকে সেবা দিতে উল্টো কোন কোন চিকিৎসক ছুটে আসেন গ্রামে। গ্রামীণ জনপদে চিকিৎসা সেবার প্রতিকৃৎ ফেনীর ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল। যেখানে নামমাত্র টাকা দিয়ে চিকিৎসা পাওয়া যায় সব ধরনের রোগের। ধনী-গরীব বেশিরভাগ মানুষ সেবা পেতে ছুটে আসছেন এখানে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের খন্দকার বাড়ি। এরই আঙিনায় বাবার নামে হাসপাতাল গড়ে তুলেছেন খন্দকার মইনুল আহসান শামীম। এখানে রয়েছে অপারেশেনের জন্য চক্ষু ইউনিটে রয়েছে ২১টি বেড। ছাগলনাইয়া উপজেলা ছাড়াও চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন পার্শবর্তী জেলার মিরসরাই, রামগড়, ফটিকছড়ির মানুষ। গরীব ও অসহায়দের জন্য রয়েছে বিনামূল্যে ওষুধ। বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে খুশি রোগী ও স্বজনরা।
অত্যাধুনিক ও মানসম্মত যন্ত্রাংশ দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মাত্র ৬৭৫ টাকায় এখানে চোখের ছানি অপারেশন করা হয়। ইউনাইটেড ট্রাস্টের অর্থায়নে এখানে গড়ে উঠেছে স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠান, দারিদ্র বিমোচন প্রকল্প, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
গাইনি, শিশুসহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোর সেবায় বিভিন্ন বিভাগের ডাক্তার ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। রোগ নির্ণয়ে রয়েছে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি। এছাড়া শিশু বিভাগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চক্ষু পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি মেডিক্যাল চেকআপসহ নিয়মিত চিকিৎসা সুবিধা রয়েছে।
২০১৪ সালের ১ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে এই সেবা কার্যক্রম শুরু হয়।