খেলাধুলা, ফুটবল

২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ২৩ বছর, ২৩২টি ম্যাচ, ১৪৬টি গোল এবং ছয়টি বিশ্বকাপের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দ্বারপ্রান্তে ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার করেই জানিয়ে দিলেন যে, এটাই তার শেষ বিশ্বকাপ।

তবে বিদায়বেলায় তার কণ্ঠে কোনো আক্ষেপ নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি নিয়েই মাঠ ছাড়ার অপেক্ষায় আছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি বিশ্বকাপ ট্রফি ছুঁতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘আমার কোনো কিছুর অভাব নেই; ঈশ্বর আমার প্রতি উদার। আমি বিশ্বকাপ জিতব কি না, তাতে আমি আরও বেশি ক্রিস্টিয়ানো হয়ে যাব না, বা কমও হয়ে যাব না।’

 

পর্তুগালের জার্সি গায়ে রোনালদোর এই দীর্ঘ যাত্রার শুরু আর শেষের পার্থক্যটা বেশ রোমাঞ্চকর। তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল চাভেসের এস্তাদিও মিউনিসিপাল ইঞ্জিনিয়ার ম্যানুয়েল ব্রাঙ্কো তেইশেইরা স্টেডিয়ামে, যেখানে মাত্র ৮,০০০ দর্শকের সামনে প্রথমার্ধের বিরতিতে লুইস ফিগোর বদলি হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। আর শেষবার হয়তো তিনি খেলতে নামবেন টেক্সাসের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে, যেখানে ৮০,০০০ দর্শকের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিশালী স্পেন। এই ম্যাচে হেরে গেলে পর্তুগালকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, আর সেই সাথেই সমাপ্তি ঘটবে রোনালদো অধ্যায়ের।

সম্ভবত ক্যারিয়ারের শেষ ম্যাচের আগের চূড়ান্ত এই সংবাদ সম্মেলনটিতে রোনালদোকে বেশ খোশমেজাজেই দেখা যায়। তিনটি ভাষায় সাবলীলভাবে কথা বলার পাশাপাশি কানায় কানায় পূর্ণ কক্ষটিতে তিনি সাংবাদিকদের সাথে হালকা রসিকতাও করেন।

 

দুই দশক ধরে তাকে নিয়ে চলা সমালোচনা সম্পর্কে তিনি বলেন, ‘তারা ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এসব নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো মানে হয় না। পর্তুগালের মানুষের বিশ্বাস আছে, তারা কখনো আমাদের হতাশ করে না, তারা সবসময় আমার পক্ষে থাকে।’ উল্টো সমালোচক ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এসব আক্রমণই তাকে আরও শক্তিশালী ও পরিণত করেছে।

 

ফুটবল থেকে বিদায় নেওয়ার দিনটি যে ঘনিয়ে এসেছে, তা তিনি নিজেও খুব ভালো করেই জানেন।

 

তবে নিজের বিবেক একদম পরিষ্কার জানিয়ে তিনি বলেন, ‘সেই দিন আসবে, কিন্তু সত্যি বলতে, আগামীকাল যা-ই ঘটুক না কেন, আমি স্বচ্ছ বিবেক নিয়েই মাঠ ছাড়ব—১০০% নয়, বরং ১০০০%, কারণ আমি ফুটবলকে আমার সবকিছু দিয়ে দিয়েছি।’

 

ফুটবলের প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, তিনি ফুটবল খেলেন কারণ তিনি এটাকে ভালোবাসেন।

 

আপাতত রোনালদোর চোখ কেবলই স্পেনের বিপক্ষে ম্যাচটিতে। শেষটা পিছিয়ে দেওয়া যাবে কি না, তা নির্ভর করছে এই ম্যাচের ওপর। নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো হাসিমুখে সাংবাদিকদের মনে করিয়ে দেন যে, এই টুর্নামেন্টে ইতিমধ্যে তিনি তিনটি গোল করেছেন, যা খুব একটা খারাপ নয়। তবে ফলাফল যা-ই হোক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো যে শান্তিতে এবং মাথা উঁচু করেই ফুটবল বিশ্বকে বিদায় জানাবেন, তা তিনি তার কথাতেই স্পষ্ট করে দিয়েছেন।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন