দীর্ঘ ২২ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ডারউইনে গড়াতে যাচ্ছে টেস্ট ক্রিকেট, আর সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গী হতে চলেছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সদ্য প্রকাশিত সূচি অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকাইয়ের।
এর আগে ২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে টেস্ট খেলেছিল খালেদ মাহমুদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেবার দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছিল সফরকারীদের। এরপর ২০১৭ সালে দুই দলের মধ্যে সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়। ২০২০ সালে বাংলাদেশে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বাতিল হয়ে যায়। ফলে, প্রায় এক দশক পর দুই দলের মধ্যকার এই লাল বলের লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পর এটিই হতে যাচ্ছে অজিদের প্রথম টেস্ট সিরিজ।
মূলত বাংলাদেশ সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট মৌসুমের সূচনা হতে যাচ্ছে। এই সিরিজ শেষে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট এবং জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলবে তারা। পরবর্তীতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি রয়েছে তাদের। এছাড়া, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, টেস্ট সিরিজের আগে আগামী জুনেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অজিদের।
ডিবিসি/এফএইচআর