দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ছয় দিনে তিন দফায় সোনার দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা হ্রাস পেল। এর আগে গতকাল মঙ্গলবার সোনার দাম কমেছিল ২ হাজার ২১৬ টাকা এবং তার আগে গত ২৩ এপ্রিল দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।
নতুন নির্ধারিত মূল্য তালিকায় দেখা যায়, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হয়েছিল।
সোনার দামে বড় ধরনের পরিবর্তন এলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
ডিবিসি/টিবিএ