বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪৮ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে চলমান প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯২ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুই মাসে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এছাড়া, গত একদিনে নিশ্চিতভাবে ১১১ জন হামে আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ১৭৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, মোট ৪৫১ জন মৃতের মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩৭৭ জন, নিশ্চিত হামে মৃত্যু ৭৪ জন।


বিশেষজ্ঞরা বলছেন, হামের এই আকস্মিক প্রকোপ মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করা এবং উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন