দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুজন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দেশে হামের প্রকোপে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যু ৩৪ জন, সন্দেহভাজন মৃত্যু ১৭২ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৩,০৬৫ জন এবং সন্দেহভাজন আক্রান্ত ২০,৩৫২ জন।
অধিদপ্তরের তথ্যমতে, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১৩ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন। বর্তমানে আরও উল্লেখযোগ্য সংখ্যক রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি জোরদার করেছে। গত আট দিনে সারাদেশে প্রায় ৯ লাখ ৪৩ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তবে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকার আওতায় আনার এবং কোনো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ডিবিসি/এসএফএল