রাতভর টানা ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। তিন ঘণ্টার প্রবল বর্ষণে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন হয়ে পড়েছে স্থবির। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন হয়ে পড়েছে স্থবির। কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন মানুষ।
বাসাবাড়িতে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীরা। অনেকের ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে হাঁটুসমান পানি জমায় অনেক পরীক্ষার্থী নৌকায় করে কেন্দ্রে পৌঁছান।
নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
এদিকে জলাবদ্ধতায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার দ্বিগুণ ভাড়া গুনতে বাধ্য হচ্ছে সাধারণ যাত্রীরা।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়তে পারে।
ডিবিসি/আরপিডি