আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার হতাহত হয়েছেন। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করেন।

বিবৃতিতে জানানো হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ইরানি হামলায় ২১ জন মার্কিন সদস্য নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে চালানো অন্য এক হামলায় প্রায় ২০০ মার্কিন সেনার হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।


একই সময়ে পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে মার্কিন মালিকানাধীন একটি তেল ট্যাংকারেও সফল হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান।


অন্যদিকে মার্কিন পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডারটি মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান অংশ ছিল।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং এর পরমাণু স্থাপনা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক আগ্রাসন চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীসহ শত শত বেসামরিক নাগরিক এবং সামরিক কমান্ডার নিহত হন।


এর প্রতিক্রিয়ায় ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরানি কর্মকর্তাদের মতে, তাদের লক্ষ্য শুধুমাত্র মার্কিন ও ইসরায়েলি সম্পদ। প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন