ইসরায়েলের আরব অধ্যুষিত শহর নাজারেথে ২৪ ঘণ্টারও কম সময়ে চারজন নিহত হওয়ার পর সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার রাতের দুটি অভিযানে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধচক্র-সংশ্লিষ্ট স্থাপনা থেকে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, কয়েক ডজন কর্মকর্তা শহরের কয়েকটি গ্যাং-নিয়ন্ত্রিত কম্পাউন্ডে অভিযান চালান। কয়েকজন সন্দেহভাজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। অভিযানে একটি হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল ও গোলাবারুদসহ উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিতে নিহত হন ৩০ বছর বয়সী মাহমুদ বিয়াত্রা। আরব সমাজে সহিংসতা পর্যবেক্ষণকারী আব্রাহাম ইনিশিয়েটিভসের হিসাবে, তিনি ২০২৬ সালে হত্যাকাণ্ডের শিকার ১৭২তম আরব ইসরায়েলি।
চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী খাবার সরবরাহকারীর ছদ্মবেশে বিয়াত্রার বাড়িতে যায়। দরজা খোলার পর তাকে নয়বার গুলি করা হয়। পরে নাজারেথের হলি ফ্যামিলি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় একটি গাড়িতে থাকা নূর নাফাফেয়া (৩১) ও তার প্রতিবেশী ও আত্মীয় নূর খলোকে (২০) কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে প্রায় ২০টি গুলি চালানো হয়েছিল।
এর প্রায় দুই ঘণ্টা পর নিজ বাড়ির আঙিনায় বন্ধুদের সঙ্গে বসে থাকা মুস্তাফা বাদরা (২৭) বন্দুকধারীদের হামলায় নিহত হন। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগের জোড়া হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এসএফএল