পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী লঞ্চ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় কন্যাশিশুর পরিচয় দীর্ঘ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিশ্চিত হওয়া যায়নি। পরে শিশুটিকে ঢাকার সদরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ‘এমভি বন্ধন-৫’ লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি বন্ধন-৫। সন্ধ্যা ৭টার দিকে লঞ্চটি ধুলিয়া ঘাটে পৌঁছালে এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে তার বাবা হিসেবে পরিচয় দেন। কিছুক্ষণ পর তিনি সহযাত্রীদের জানান যে শিশুটির মা ঘাটে রয়েছেন। তাঁকে নিয়ে আসার কথা বলে ওই ব্যক্তি লঞ্চ থেকে নেমে যান। যাওয়ার আগে কিছু সময়ের জন্য শিশুটিকে দেখাশোনার জন্য তিনি পাশের যাত্রীদের অনুরোধ করে যান।
পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে লঞ্চটি ধুলিয়া ঘাট ত্যাগ করে। রাত ৮টার দিকে দিঘিরপাড় ঘাট ছাড়ার পরও ওই ব্যক্তি আর ফিরে না আসায় এটি নিশ্চিত হওয়া যায় যে, শিশুটিকে ফেলে রেখেই তিনি চলে গেছেন। এরপর লঞ্চের কর্মীরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নেন।
এমভি বন্ধন-৫ লঞ্চের সিনিয়র স্টাফ মোহাম্মদ আল-আমিন বলেন, "লঞ্চটি বর্তমানে ঢাকায় অবস্থান করছে। শিশুটির পরিচয় শনাক্ত করতে বিভিন্ন মাধ্যমে তার ছবি ও তথ্য প্রচার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো স্বজন খোঁজ নিতে আসেননি।"
তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় বিকেলে শিশুটিকে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে নিরাপদে রয়েছে।
সদরঘাট নৌ থানা পুলিশের কর্মকর্তা মো. সোহাগ রানা বলেন, "শিশুটিকে শিশুদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থার কাছে দেওয়া হয়েছে। পরিবারকে খুঁজে বের করে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। আমরাও শিশুটির পরিবারকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
ডিবিসি/কেএলডি