আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসারের নিকট হতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ভোটগ্রহণ চলাকালে নির্বাচনি পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ২ ঘন্টা অন্তর অন্তর ভোট প্রদানের হার এবং আইনশৃঙ্খলার প্রতিবেদন সংগ্রহের পাশাপাশি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্র-১৭তে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বাসস এক প্রতিবেদনে বলেছে, পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, ভোটগ্রহণ শেষে, ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার হতে প্রাপ্ত ভোট গণনার বিবরণী প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হতে প্রকাশ করা হবে। এই কার্যক্রম ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭ টা হতে শুরু করে বেসরকারি ফলাফল না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রাথমিক ফলাফল সংগ্রহ ও প্রেরণ: আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিবেদন ও প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর, তাদের জন্য নির্ধারিত অঞ্চলের নাম ও নির্ধারিত ইন্টারনাল একাউন্ট বা টেলিফোন নম্বর আলাদাভাবে জানানো হবে। উল্লিখিত তথ্যাদি প্রাপ্তির পর রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ‘প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ হতে কোন্ কর্মকর্তা ফলাফল প্রেরণ করবেন তা ভোটগ্রহণের দিনের পূর্বেই জানিয়ে দিতে হবে।
তাছাড়া ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা ও ভোটকেন্দ্রের পরিস্থিতি প্রতিবেদন প্রেরণ করার জন্য কোন্ কোন্ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাও পূর্বাহ্নে জানিয়ে দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পূর্ব থেকেই নির্ধারিত ইন্টারনাল একাউন্ট নম্বর, টেলিফোন ও মোবাইল নম্বর সঠিক আছে কিনা বা সচল আছে কিনা অথবা ইন্টারনাল সাইট/ইন্ট্রানেট বা নেটওয়ার্ক বা ইন্টারনাল একাউন্ট ক্ষেত্র বিশেষে ই-মেইল যথাযথ কার্যকর আছে কিনা তা যাচাই করে নিবেন।
ডিবিসি/কেএলডি