তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১,৩৭০ জন চিকিৎসক ইসরায়েল ছেড়েছেন। দেশটির স্বাস্থ্যখাতে এই বিপুল মেধা পাচার বা 'ব্রেন ড্রেইন' বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে। গবেষকদের মতে, দেশত্যাগী এই চিকিৎসকদের সংখ্যা একটি পূর্ণাঙ্গ বড় হাসপাতালের মোট চিকিৎসক সংখ্যার সমান এবং ২০১৩ থেকে ২০১৫ সালের তুলনায় এই হার প্রায় দ্বিগুণ।
গবেষণায় দেখা যায়, ২০২৩ ও ২০২৪ সালে ফিরে না আসা চিকিৎসকদের প্রকৃত ঘাটতি ছিল ৫০৯ জন, যা গত দশকের বার্ষিক গড় হারের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। উচ্চশিক্ষা বা গবেষণার জন্য অনেকেই সাময়িকভাবে বিদেশে গেলেও, দীর্ঘমেয়াদে দেশত্যাগের এই মাত্রাতিরিক্ত হার অত্যন্ত উদ্বেগজনক। যদিও গবেষণায় সরাসরি কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করা হয়নি, তবে ২০২৩ সালে সরকারের বিতর্কিত বিচারিক সংস্কারের পর থেকেই এই দেশত্যাগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
উদ্বেগের আরেকটি বড় কারণ হলো, দেশ ছেড়ে যাওয়া চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। তাদের মধ্যে ২০ শতাংশেরও বেশি চিকিৎসকের বয়স ৪৫ বছর বা তার ঊর্ধ্বের। শিশু, চক্ষু, নাক-কান-গলা বিশেষজ্ঞ থেকে শুরু করে সার্জন ও জরুরি বিভাগের চিকিৎসকরাও এই তালিকায় রয়েছেন, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তেল আবিব অঞ্চলে।
গবেষক অধ্যাপক ইতাই আতের সতর্ক করে বলেছেন, দেশত্যাগের এই ধারা অব্যাহত থাকলে রোগীদের চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং সামগ্রিক চিকিৎসাসেবার মান ব্যাপকভাবে ব্যাহত হবে, যা দেশের স্বাস্থ্যখাতের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এসভিএন