বাংলাদেশ

৩৪ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার মেট্রিক টন জেট ফুয়েল বা বিমানের জ্বালানি নিয়ে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী বড় জাহাজ ‘শিং তং ৭৯৯’। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই বিশাল জাহাজটির ড্রাফট বা গভীরতা বেশি হওয়ার কারণে সেটি সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে সক্ষম হয়নি। পরে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থানরত জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শেষ করা হয়েছে।

 

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, লাইটার জাহাজের মাধ্যমে কিছু পরিমাণ জ্বালানি খালাস করার পর শিং তং ৭৯৯-এর ওজন ও গভীরতা কমে আসবে। এরপর জাহাজটিকে বন্দরের মূল জেটিতে নিয়ে আসা হবে।

 

চট্টগ্রাম বন্দরে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বেশ বড় কয়েকটি চালান পৌঁছেছে। এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামক একটি ট্যাংকার। এছাড়া শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘প্রিভে অ্যাঞ্জেল’ বন্দরে ভিড়েছে।

 

তার আগের দিন শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’। এসব চালানের মাধ্যমে দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন