খেলাধুলা, ফুটবল

৩৬ নম্বর শিরোপা জেতা রোনালদো মেসির চেয়ে ঢের পিছিয়ে!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি প্রো লিগ জয়ের মধ্য দিয়ে অবশেষে আল নাসরের হয়ে শিরোপা খরা কাটালেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর ফলে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ারে মোট ট্রফির সংখ্যা দাঁড়াল ৩৬-এ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে অর্জিত এই শিরোপার সুবাদে সর্বকালের সর্বোচ্চ ট্রফিজয়ী ফুটবলারদের তালিকায় তিনি আরও ওপরে উঠে এলেন।

আল নাসরে যোগ দেওয়ার চার মৌসুম পর এটি রোনালদোর প্রথম বড় শিরোপা। এর আগে সর্বশেষ ২০২১ সালে জুভেন্টাসের হয়ে কোপা ইতালিয়া জিতেছিলেন তিনি। নতুন এই অর্জনের পর ৩৬টি ট্রফি নিয়ে সার্জিও বুসকেটস, অ্যাঞ্জেল ডি মারিয়া, রায়ান গিগস ও ইব্রাহিম হাসানের সঙ্গে যৌথভাবে তালিকার ১১তম স্থানে অবস্থান করছেন সিআরসেভেন। তবে ৪৮টি শিরোপা নিয়ে তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তাঁর ব্যবধান এখনও বেশ বড়।

 

সর্বাধিক ট্রফিজয়ী ফুটবলারদের এই তালিকায় ৪৩ ট্রফি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দানি আলভেস। এরপর পর্যায়ক্রমে আছেন মার্কিনিয়োস (৪২), আন্দ্রেস ইনিয়েস্তা ও হোসাম হাসান (৪০), ডেভিড আলাবা ও হোসাম আশুর (৩৯) এবং ৩৮টি করে ট্রফি নিয়ে করিম বেনজেমা ও জেরার্ড পিকে।

 

ক্যারিয়ারে খেলা স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসর, সব ক্লাবের হয়েই অন্তত একটি করে শিরোপা জয়ের অনন্য রেকর্ড ধরে রাখলেন রোনালদো। বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে শিরোপা জিতে একই কীর্তি রয়েছে আর্জেন্টাইন মহাতারকা মেসিরও।

 

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও রোনালদোর সাফল্য ঈর্ষণীয়। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে পর্তুগাল প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়। এছাড়া দলটি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও ঘরে তোলে। সামনেই ২০২৬ বিশ্বকাপ; ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা রোনালদো ও মেসি—দুজনই চাইবেন বিশ্বমঞ্চের এই আসর থেকে নিজেদের সাফল্যের মুকুটে আরও একটি বড় ট্রফি যুক্ত করতে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন