এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ না করার হার এবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশই অংশ নিচ্ছেন না। দুই বছর আগে একাদশ শ্রেণিতে নিবন্ধিত প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর মধ্যে এবার ফরম পূরণ করেছেন মাত্র সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থীই এবার পরীক্ষায় বসছেন না। গত বছর এই হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি, যা থেকে বোঝা যায় এক বছরের ব্যবধানে এই হার প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।
পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চিত্র সবচেয়ে বেশি উদ্বেগজনক, যেখানে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশের বেশি শিক্ষার্থী ফরমই পূরণ করেননি। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই হার ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে তা ৪৪ দশমিক শূন্য ৭ শতাংশ। গত বছরের তুলনায় প্রতিটি বোর্ডেই এই ঝরে পড়ার হার বৃদ্ধি পেয়েছে।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরীক্ষার প্রস্তুতির অভাব, বাল্যবিবাহ, দারিদ্র্য এবং এসএসসি পাসের পর শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে যুক্ত হয়ে পড়ার মতো বিষয়গুলো এই অনুপস্থিতির পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। ঢাকা শিক্ষা বোর্ডের বিশ্লেষণে উঠে এসেছে যে, অনেক শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারণে ওই বছর পরীক্ষা না দিয়ে পরের বছরের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর সময়ের ব্যবধানে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে অস্বাভাবিকভাবে এই হার বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে বোর্ড কর্তৃপক্ষ গবেষণার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর