বাংলাদেশ পুলিশে দীর্ঘ ৩৭ বছরের গৌরবময় কর্মজীবন শেষে এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজনের মধ্য দিয়ে অবসরে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার। বিদায়বেলায় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে চড়িয়ে তাকে কোটালীপাড়ার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিনের ওপর পুষ্পবর্ষণ করে থানা ভবন থেকে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন সহকর্মীরা। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বহলতলী গ্রামের মৃত ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তার চাকরিজীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বিদায়বেলায় আপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, বিদায়বেলায় সহকর্মীদের কাছ থেকে যে অভূতপূর্ব সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাদের এই ভালোবাসা আমাকে কাঁদিয়ে দিয়েছে। কর্মজীবনে সবার মনের মধ্যে একটু জায়গা করে নিতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ওসি স্যারের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার কারণেই আজ বিদায়বেলায় এত বড় সম্মান পেলাম।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পুলিশ পরিবারের একজন অত্যন্ত জ্যেষ্ঠ ও সম্মানিত সদস্য ছিলেন। দীর্ঘ ৩৭টি বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আজ তিনি বিদায় নিচ্ছেন, বিদায়বেলায় আসলে বলার মতো ভাষা থাকে না। আমরা আশা করি, বাকি জীবন তিনি পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত সুখে ও শান্তিতে কাটাবেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরিজীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। পুরো চাকরিজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করেছেন। তার এই অবদানের জন্য গোপালগঞ্জ জেলা পুলিশ তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ডিবিসি/এসএফএল