খেলাধুলা, ফুটবল

৩৯ বছর বয়সী মেসির কাঁধেই ফের আর্জেন্টিনার ‘বিশ্বজয়ের’ স্বপ্ন!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপ চলাকালে ৩৯ বছরে পা দিতে যাওয়া এই মহাতারকা কাতার বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক ফুটবল ছাড়তে পারতেন এবং তেমন গুঞ্জনও ছিল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে উত্তর আমেরিকার বিশ্বকাপের মঞ্চেও তিনিই আর্জেন্টিনার প্রধান কান্ডারি। বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন এখন মেসির কাঁধেই।

মেসির দলে থাকাটা কোচ লিওনেল স্কালোনির জন্য বড় এক স্বস্তি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের বিকল্প খোঁজার কোনো তাগিদ অন্তত এই মুহূর্তে তাঁর নেই। গত সেপ্টেম্বরে ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি স্পষ্ট করে বলেছিলেন, ‘মেসির কোনো বিকল্প হতে পারে না। তেমন কেউ আসবেও না। নিশ্চিতভাবেই মেসির কোনো উত্তরসূরি তৈরি হবে না।’

 

২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন বানানোর পর মেসি নিজেই অবসরের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘ট্রফি জিতেই ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই।’ তবে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলার তীব্র আকাঙ্ক্ষা মেসিকে নিয়ে এসেছে ২০২৬ বিশ্বকাপের সামনে।

 

অবশ্য কাতার বিশ্বকাপের মেসির সঙ্গে বর্তমান মেসির কিছু পার্থক্য রয়েছে। ২০২২ বিশ্বকাপের পরের বছর পিএসজিতে কাটানো হতাশার দুই মৌসুম শেষে ইউরোপ ছাড়ার পর তাঁর আগের সেই ধার কিছুটা কমেছে। ২০২০ সালের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে কোনো জয়ের স্বাদ পাননি তিনি। তবে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনা অধিনায়ক। গত বছর ক্লাবটিকে এমএলএস কাপ জেতানোর পর ২০২৬ মৌসুমে ১৬ ম্যাচে ইতিমধ্যেই ১৩টি গোল করেছেন তিনি। সম্প্রতি ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সামান্য চোটের কারণে মাঠ ছাড়লেও তা গুরুতর নয়।

 

কাতার বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন মেসি। এমনকি দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। খেলাটার প্রতি ভালোবাসা প্রকাশ করে সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যত দিন পারব, এটা চালিয়ে যাব।’

 

২০০৬ সালে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করা আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে রেখেছেন। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে আছেন তিনি। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে টেক্সাসে হন্ডুরাস এবং আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ফলে মূল আসর শুরুর আগেই মেসি ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছে যেতে পারেন।

 

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জে’–তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর পর বাকি দুই ম্যাচ হবে টেক্সাসের আর্লিংটনে। এর মধ্যে জর্ডানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে মেসির ৩৯তম জন্মদিনের ঠিক তিন দিন পর। বয়স বিবেচনায় এটিই যে মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তা নিশ্চিত। মেসির সতীর্থ হুলিয়ান আলভারেজ ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘লিওর বয়স বিবেচনায় এটিই যে তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে, তা আমরা সবাই ভালো করেই জানি। তবে শেষ সিদ্ধান্তটি একান্তই তাঁর। এটি নিশ্চিতভাবেই এক বিশেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। বিশ্বজুড়ে যারা তাঁকে অনুসরণ করে, তাদের সবার জন্যই এটি আবেগের বিষয়। কারণ, তিনি সর্বকালের সেরা এবং বিশ্ব ফুটবলে তাঁর প্রভাব অতুলনীয়।’

 

তবে ২৬ বছর বয়সী আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারেজের উপস্থিতি প্রমাণ করে, আর্জেন্টিনা এখন আর পুরোপুরি মেসির ওপর নির্ভরশীল নয়। দলে আলভারেজ ছাড়াও আছেন সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেস, নিকো পাজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো বিশ্বমানের সব তারকা। এমনকি বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে তাদেরই মাঠে ৪-১ গোলের ঐতিহাসিক জয়টি আর্জেন্টিনা পেয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন