মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও তিন প্রার্থী সরে দাঁড়ানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই পরিচালনা পর্ষদের নির্বাচনে এখন মূলত ক্যাটাগরি-১–এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এর পদগুলোতেই কেবল ভোটযুদ্ধ হবে।
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা এবং সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের দিনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ভোটে দাঁড়ানো শরীফুল ইসলাম (ফেনী জেলা ক্রীড়া সংস্থা), লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান। এর মধ্যে শরীফুল ক্যাটাগরি-১ এবং বাকি দুজন ক্যাটাগরি-২ থেকে প্রার্থী হয়েছিলেন। চট্টগ্রাম বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা থাকায় শরীফুল ইসলাম সরে দাঁড়ানোয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) ও মঈন উদ্দিন চৌধুরীর (লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে।
ক্যাটাগরি-১ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন। এই ক্যাটাগরির ঢাকা বিভাগ থেকে প্রার্থী হওয়া জসিম উদ্দিন খসরুর মনোনয়নপত্র আগেই বাতিল হয়েছিল, যা আপিল করার পরও বৈধতা পায়নি। ক্যাটাগরি-১-এর মোট ১০টি পরিচালক পদের মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে আসায় বাকি ৩টি পদের জন্য খুলনা বিভাগে তিনজন (শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আবদুছ ছালাম) এবং বরিশাল বিভাগে দুজন (মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ ১২টি পরিচালক পদের বিপরীতে আগে ১৮ জন প্রার্থী থাকলেও লুৎফর ও মাহমুদ-উর-রহমান প্রার্থিতা প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। এছাড়া বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা মিলিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ২৩ জন নির্বাচিত হয়ে আসেন এবং বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হন; পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটে বোর্ডের সভাপতি নির্বাচন করা হয়।
ডিবিসি/এফএইচআর