খেলাধুলা, ফুটবল

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া কথার লড়াই এবার আইনি রূপ নিতে যাচ্ছে। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের করা একটি মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানি ও অপবাদের মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখছেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলার আইনজীবী।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, সিনেটরের আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন যে, এমবাপ্পের প্রকাশ্য মন্তব্যের ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে মামলা করা যায় কি না, তা তারা পর্যালোচনা করছেন। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েনকে তিনি জানান, আদালত অভিযোগ আমলে নিলে প্যারাগুয়ের আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিষয়টি সামনে আসতে পারে। এমনকি আইনি প্রক্রিয়া শুরু হলে এমবাপ্পেকে প্যারাগুয়েতে সাক্ষ্য দিতেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

 

মূলত এই বিতর্কের শুরু হয় যখন সিনেটর সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তুলে কিছু বিতর্কিত মন্তব্য করেন। এর জবাবে এমবাপ্পে তাকে 'একজন জঘন্য নারী' এবং 'নিজের পদের অযোগ্য' বলে আখ্যায়িত করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

অন্যদিকে, আমারিলার মন্তব্যের জেরে ফ্রান্সেও তদন্ত চলছে। তিনি জাতি, ধর্ম, বর্ণ বা জাতীয়তার ভিত্তিতে কাউকে অবমাননা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছরের কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে। তবে সেলেস্তে আমারিলা তার অবস্থান থেকে সরে আসেননি। তার আইনজীবীর দাবি, তিনি কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক ও ফুটবল অনুরাগী হিসেবে মত প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ বাকস্বাধীনতার আওতাভুক্ত।

 

এই বিতর্ক ইতিমধ্যে দুই দেশের শীর্ষ রাজনৈতিক মহলেও নাড়া দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রকাশ্যে এমবাপ্পের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। বিপরীতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সিনেটর আমারিলার এই মন্তব্য কোনোভাবেই প্যারাগুয়ের রাষ্ট্রীয় অবস্থান বা মূল্যবোধের প্রতিফলন নয়।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন