জাতীয়

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত তিন বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পরবর্তী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। এ দিনগুলোতেও দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও সামান্য বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যার পরিমাণ ছিল ১৬ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন