জাতীয়

৩ মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সচিবালয়ে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বসহকারে গণমাধ্যম খাতের এসব সমস্যা শোনেন এবং বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্র শিল্প বর্তমানে যে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এসব বিষয় শুনেছেন এবং বেশ কিছু দাবি-দাওয়ার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু বিষয় বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি।

 

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্টভাবে জানান, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না; বরং উদার গণতন্ত্রের পথে এগোতে চান। প্রধানমন্ত্রীর এই অবস্থানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব সভাপতি। এছাড়া, গ্রেপ্তারকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি আছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

 

বৈঠকে সরকারি বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। এর পাশাপাশি সংবাদপত্রে ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নোয়াব সভাপতি।

 

এদিকে, সরকার ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত সংলাপের বিষয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসনামলে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পাদক ও মালিকদের সঙ্গে মাত্র একবার করে বৈঠক হলেও, এখন থেকে প্রতি তিন মাসে অন্তত একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন