মানুষের মুখে সাধারণত ৩২টি দাঁত থাকে। কিন্তু এ চিরচেনা স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন মালয়েশিয়ার ৩৩ বছর বয়সী তরুণ প্রথাব মুনিয়ান্ডি। স্বাভাবিকের চেয়ে ১০টি দাঁত বেশি, অর্থাৎ মোট ৪২টি দাঁত নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন এই ব্যক্তি। এর মাধ্যমে তিনি কানাডার নাগরিক ইভানো মেলোনের গড়া ৪১টি দাঁতের পুরোনো রেকর্ডটি ভেঙেছেন।
নিজের এই শারীরিক ভিন্নতা প্রথাব প্রথম টের পান ২০২১ সালে, একটি পারিবারিক আয়োজনে। পরিবারের সদস্যদের সঙ্গে চা পানের সময় তিনি অনুভব করেন তার মাড়িতে অতিরিক্ত কিছু দাঁত গজাচ্ছে। বিষয়টি জানানোর পর তার পরিবারের সদস্যরা গুণে দেখেন প্রথাবের মুখে ইতোমধ্যে ৩৮টি দাঁত রয়েছে।
পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেন্টাল এক্স-রে করালে দেখা যায়, ভেতরে আরও চারটি দাঁত গজানোর অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে ২০২৩ সাল নাগাদ তার দাঁতের পূর্ণাঙ্গ সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪২টিতে।
আকর্ষণীয় ও ভিন্নধর্মী হাসির অধিকারী প্রথাব জানান, অতিরিক্ত এই দাঁতগুলো বেশিরভাগই সোজাভাবে বেড়ে উঠেছে। ফলে শারীরিকভাবে তাকে কোনো ব্যথাবেদনা বা নেতিবাচক পরিস্থিতির শিকার হতে হয়নি। মজার বিষয় হলো, প্রথম দেখায় তার এই অতিরিক্ত দাঁতের বিষয়টি কেউ টেরই পান না। কিন্তু যখন তিনি নিজ মুখে এই তথ্য প্রকাশ করেন, তখন অনেকেই তা বিশ্বাস করতে চান না এবং বিস্ময়ে হতবাক হয়ে যান।
মুখে স্বাভাবিকের চেয়ে এতগুলো দাঁত বেশি থাকা সত্ত্বেও প্রথাবের দৈনন্দিন জীবনে বা স্বাস্থ্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়েনি। উল্টো তিনি নিজের দাঁতের যত্নের বিষয়ে অত্যন্ত সচেতন। দাঁত ও মাড়ির সুস্থতা নিশ্চিত করতে তিনি দিনে দুবার ব্রাশ করার পাশাপাশি নিয়মিত ফ্লস ব্যবহার করেন। প্রকৃতির এই অদ্ভুত খেয়ালই আজ তাকে বিশ্বজুড়ে এনে দিয়েছে নতুন এক পরিচিতি।
তথ্যসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
ডিবিসি/এএমটি