শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ বিধির শর্ত পূরণ করতে না পারায় ৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১-এর নন-ক্যাডার পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১০১ জন প্রার্থী। বুধবার (২০ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীর সাময়িক মনোনয়ন ও ফলাফল বাতিল ঘোষণা করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পদের আবশ্যকীয় যোগ্যতার সাথে প্রার্থীদের সনদের সামঞ্জস্য না থাকায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (ইংরেজি ও বাংলা) পদের প্রার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি, যেখানে বিএড বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকায় ৭৫ জন বাদ পড়েছেন।
একই বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় আরও ৭ জন প্রার্থীর সুপারিশ সাময়িকভাবে স্থগিত রেখে আগামী ৪ জুনের মধ্যে প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মোট ২ হাজার ৯৫৮টি পদের (৯ম গ্রেড-৪৩২, ১০তম গ্রেড-২১১০ এবং ১১তম গ্রেড-৪১৬) জন্য সাময়িকভাবে প্রার্থীদের মনোনয়ন প্রদান করে কমিশন। তবে, নন-ক্যাডার নিয়োগের শর্তাবলির ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রার্থীর প্রদত্ত পছন্দক্রমের পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলে কিংবা পদের আবশ্যকীয় যোগ্যতার সাথে প্রার্থীর সনদের সামঞ্জস্য না থাকলে তার মনোনয়ন বাতিল করার স্পষ্ট নির্দেশনা ছিল। সেই শর্ত মোতাবেক আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা না মেলায় বেশ কিছু প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম গ্রেডের বিভিন্ন পদে মোট ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে নিয়োগ বিধি অনুযায়ী তাদের স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ, ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রি না থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ‘জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার’ পদে ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন তুলা উন্নয়ন বোর্ডের ‘তুলা উন্নয়ন কর্মকর্তা’ পদে ১ জন (বিএসসি/বিএস কৃষি ডিগ্রি না থাকায়) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘সহকারী প্রকৌশলী’ পদে ১ জনের (পুরকৌশলে স্নাতক ডিগ্রি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়েছে।
একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘ইনস্ট্রাক্টর (টেক) মেশিন অপারেশন বেসিকস’ পদে ৫ জন (বিএসসি ইন মেকানিক্যাল বা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকায়) এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউটের (বিএমটিটিআই) ‘প্রভাষক (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ)’ পদে ১ জন প্রার্থীর (সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়েছে।
ডিবিসি/ এইচএপি