দীর্ঘ ৩০ বছরের শিরোপাখরা ঘুচিয়ে উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। গতকাল (২১ মে) রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এই গৌরব অর্জন করে তারা। এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৬ সালের লিগ কাপের পর নিজেদের প্রথম এবং ইউরোপের মঞ্চে ৪৪ বছর পর বড় কোনো শিরোপার দেখা পেল ভিলা।
ম্যাচের প্রথমার্ধেই চালকের আসনে বসে অ্যাস্টন ভিলা। ৪১ মিনিটে ইউরি তিলেমানস এক বজ্রগতির ভলিতে দলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অসাধারণ এক বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মর্গান রজার্স তৃতীয় গোলটি করলে ফ্রাইবুর্গের ওপর ভিলার নিরঙ্কুশ আধিপত্য ও শিরোপা জয় নিশ্চিত হয়।
ভিলার এই শিরোপা জয়ের রাতটি ছিল দারুণ নস্টালজিক। ১৫২ বছরের ক্লাব ইতিহাসে এর আগে তাদের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ১৯৮২ সালে রটারডামে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জয়। কাকতালীয়ভাবে সেই ফাইনালেও ঐতিহ্যবাহী মেরুন-নীল জার্সির বদলে সাদা জার্সি পরে মাঠে নেমেছিল ভিলা, গতকালও তারা সেই সাদা জার্সিতেই খেলেছে। গ্যালারিতে বসে উত্তরসূরিদের এই শিরোপা জয় উপভোগ করেছেন ১৯৮২ সালের সেই কিংবদন্তি দলের ৯ জন সাবেক ফুটবলার।
এই জয়ে কোচ উনাই এমেরি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গড়েছেন অনন্য কীর্তি। ইউরোপিয়ান পর্যায়ের দ্বিতীয় সারির এই টুর্নামেন্টে এটি কোচ এমেরির পঞ্চম শিরোপা। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার (২০১৪, ২০১৫, ২০১৬) এবং ভিয়ারিয়ালের হয়ে (২০২১) তিনি এই ট্রফি জিতেছিলেন। অন্যদিকে, এই জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত খেলা ৭টি ফাইনালের সবকটিতেই (বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ) জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ।
অথচ এই মৌসুমের শুরুটা ভিলার জন্য ছিল চরম হতাশাজনক। টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি সেসময় তারা গোল করতে পেরেছিল মাত্র দুটি। তবে সেই দলটিই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণভাবে মৌসুম শেষ করল। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার মাত্র ছয় দিনের ব্যবধানে তারা জিতে নিল ইউরোপা লিগের ঐতিহাসিক শিরোপাও।
ডিবিসি/এফএইচআর