এক ইনিংসেই যেন সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন তাওহীদ হৃদয়। লংগার ভার্সনের ক্রিকেটে তার সামর্থ্য নিয়ে এত দিন যে সংশয় ছিল, সেটিও এখন অবান্তর। দক্ষিণ আফ্রিকার মাটিতে বুধবার ৪৮১ বলের ম্যারাথন ইনিংসে অপরাজিত ৩৫০ রান করেছেন তিনি।
পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার। এর আগে অপরাজিত ৩৩৪ রান নিয়ে রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে।
দেশের বাইরে অনানুষ্ঠানিক ম্যাচে ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটারও হৃদয়। একই সঙ্গে ২৫ বছর বয়সী এই ব্যাটার ভেঙেছেন ৭৮ বছরের পুরোনো একটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ৭৮ বছরে কোনো বিদেশি ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। সর্বশেষ ১৯৪৮ সালে নর্থ ইস্টার্ন ট্রান্সভালের বিপক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে ৩০০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ডেনিস কম্পটন।
হৃদয় পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারাকেও। ‘এ’ দলের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি এত দিন ছিল পূজারার দখলে।
২০১৩ সালে হুবলিতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩০৬ রান করেছিলেন পূজারা। ১৩ বছর পর সেই রেকর্ডও নিজের করে নিলেন হৃদয়।
ডিবিসি/ আরএফই