কুয়েতের আকাশসীমায় ধেয়ে আসা ইরানের একঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নতুন একটি বড় হামলা প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। গত রাতে চালানো শত্রুপক্ষের এই ড্রোন হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আর্মি জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করেছে।
কুয়েত সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ২৪টি মানববিহীন আকাশযান বা ড্রোন সফলভাবে সনাক্ত ও ধ্বংস করেছে। কুয়েতের বিরুদ্ধে ইরানের এই আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত চালানো হামলাগুলোর পরিসংখ্যানও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।
পরিসংখ্যানে বলা হয়, শত্রুভাবাপন্ন এই আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের মোট ৩৭৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৮৯৩টি ড্রোন এবং ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিসংখ্যানকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি সফল রেকর্ড হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্বের ওপর চালানো এই হামলাকে ইরানের একটি নিন্দনীয় ও জঘন্য আগ্রাসন বলে আখ্যায়িত করেছে তারা।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এসএফএল