বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

৪ উপজেলা, ৫ পৌরসভা এবং ১৩২টি ইপিতে ভোটগ্রহণ চলছে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই জুন ২০২২ ০৪:০৭:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ৪টি উপজেলা, ৫ পৌরসভা এবং ১৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার সকাল থেকে দিনাজপুরের খানসামা, সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার, খাগড়াছড়ির গুইমারা উপজেলার কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। মেহেরপুরের সদর, রাঙ্গামাটির বাঘাইছড়ি, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায়ও ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

 

সারা দেশে ১৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সব জায়গাতেই ভোট হচ্ছে ইভিএমে। এর মধ্যে নোয়াখালী সদর, হাতিয়া, সেনবাগ ও বেগমগঞ্জের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। হাতিয়ার চানন্দী ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অনেক কেন্দ্র ভোটার শূন্য।

তবে, ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেয়ার অভিযোগ করেছেন ঢোল প্রতীকে নির্বাচন করা চেয়ারম্যান প্রার্থী। বহিরাগতরা বিভিন্নস্থানে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছ বলেও অভিযোগ তার।

 

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর ইউপি নির্বাচনের ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১৯ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিংসতা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি, আনসার সদস্যদরা দায়িত্ব পালন করছেন।

খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৪৮৩ জন। এর মধ্যে খিদিরপুরে ২১ হাজার ৩৯৯ জন, চরমান্দালিয়ায় ৯ হাজার ৯৩৮ জন ও কৃষ্ণপুরে ১৩ হাজার ১৪৬ জন রয়েছেন।

 

টাঙ্গাইলের ৬টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইলের সখীপুর, মধুপুর, মির্জাপুর, নাগরপুর এবং বাসাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সখীপুর উপজেলায় গজারিয়া, দাড়িয়াপুর; মধুপুরে কুড়ালিয়া, মহিষমাড়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, শোলাকুড়ী; মির্জাপুরে বহুরিয়া, ফতেপুর, ভাওরা, লতিফপুর, তরফপুর, আজগানা; নাগরপুরে ভারড়া; বাসাইলে কাশিল, বাসাইল সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে ৩নং সংরক্ষিণ ওয়ার্ড এবং ধনবাড়ী উপজেলায় বীরতারা ইউনিয়নে ৪ নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের আগের দিন মঙ্গলবার গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। অন্যদিকে নির্বাচনের ৩ দিন আগে মধুপুর উপজেলার অরণখোলা ইউপি নির্বাচন স্থগিত করে কমিশন।

 

এদিকে, ভোটারদের সরব উপস্থিতিতে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দুই ইউপিতে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই ইউনিয়নের ৩২টি ভোটকেন্দ্রে ১৯২টি বুথে ইভিএমের মাধ্যমে ৬৮ হাজার ৫৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 

অন্যদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার দুই ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন এবং সদস্যপদে ৬৪ জন প্রতিদ্বন্দিতা করছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন সাধারন সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

 

জয়পুরহাটের আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অফিস সূত্র জানায়, আওলাই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৫৫ জন। মোট ভোট কেন্দ্র ৯টি।নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতা  করছেন ৪ জন। সংরক্ষিত সদস্য পদে ১৪ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৩২ জন পুরুষ প্রার্থী।

 

বগুড়ার চারটি ইউনিয়ন পরিষদ ও একটি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। জেলার গাবতলী, নন্দীগ্রাম, কাহালু এবং সারিয়াকান্দি উপজেলার সুখানপুকুর, বুড়ইল, দুর্গাপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নে স্থগিতকৃত এবং একটি নবগঠিত ইউপিতে বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

 

এছাড়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখরভাবে শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৮ হাজার ৯৪৫ জন। ভোট কেন্দ্র ২৬টি। চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন