মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে লাইনচ্যুত বগিটি হাইড্রোলিক টুলভ্যানের সাহায্যে উদ্ধারের পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী ওই তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে হঠাৎ লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি পথিমধ্যে শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।
পরবর্তীতে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান এনে উদ্ধারকাজ শুরু করা হয় এবং দীর্ঘ ৪ ঘণ্টা পর রাত ৮টায় ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় লাইনচ্যুত বগি উদ্ধার এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/আরএসএল