ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতির কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের ওপর অপূরণীয় ক্ষতি বয়ে এনেছেন। বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আলী লারিজানি জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি অভিযোগ করেন, এই বিশাল প্রাণহানি ট্রাম্পের বহুল প্রচারিত ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা) স্লোগানকে চরম মিথ্যা ও প্রতারণা হিসেবে উন্মোচিত করেছে।
লারিজানি তার পোস্টে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “মিস্টার ট্রাম্প, নেতানিয়াহুর ভাঁড়ামিতে প্রলুব্ধ হয়ে আপনি আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে এক অন্যায় যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন হিসাব করে দেখুন-গত কয়েক দিনে যেখানে ৫০০-এর বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে, সেখানে আপনার কাছে এখনো ‘আমেরিকা ফার্স্ট’ না কি ‘ইসরায়েল ফার্স্ট’?”
ইরানের এই নিরাপত্তা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, গত শনিবার (১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর শাহাদাতের প্রতিশোধ নিতে বড় ধরনের অভিযান অব্যাহত রাখবে তেহরান। তিনি বলেন, “এই প্রক্রিয়া চলতেই থাকবে। ইমাম খামেনীর শাহাদাতের জন্য আপনাদের চড়া মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ।”
সূত্র: প্রেস টিভি
ডিবিসি/এসএফএল