স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ৫০ জন স্বেচ্ছা রক্তদাতাকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাখো শহিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত ব্যতিক্রমী এমন অনুষ্ঠান দেশের ইতিহাসে এই প্রথম। এর মধ্যে একজন নারী রক্তদাতাও সম্মাননা গ্রহণ করেন, তিনিই প্রথম কোন নারী হিসেবে ৫০ বার সেচ্ছায় রক্ত দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষ ত্যাগের মাধ্যমেই সোনার বাংলাদেশ গড়ে তুলবে। রক্তদাতারা রক্তদানের মাধ্যমে সেই কাজটিই করে যাচ্ছেন। এমন বহু ত্যাগের মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, রক্তদান নিয়ে মানসিক, শারীরিক ভয়, আতঙ্কসহ সামাজিক যে বাধা ছিল, তা দূর করে দেশে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতারা অগ্রণী ভূমিকা পালন করছেন। ভালো কাজের ফল সবসময়ই ভালো হয়। স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনের সময় ঠিক ৫০ জন রক্তদাতা কোয়ান্টামে ৫০ বার রক্ত দিয়েছেন, যা আসলে তাদের ভালো কাজেরই প্রতিফলন।
কিন্তু তারপরও ১৭ কোটি মানুষের এই দেশে রক্তের চাহিদা এখনো অনেক। এই ঘাটতি পূরণে শিক্ষামন্ত্রী নতুন রক্তদাতা তৈরিতে স্বেচ্ছা রক্তদাতাদের কাজ করে যাওয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডা. নিজামউদ্দিন আহমদ। রক্তদাতাদের পক্ষে বক্তব্য দেন ৫৬ বার রক্তদানকারী মিজানুর রহমান সজল। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।