বাংলাদেশ, রাজধানী

৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরকে (৪৬) দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

 

মামলার তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি তাঁর পলাতক সহযোগীর অবস্থান ও জাল টাকার উৎস নিয়ে সুনির্দিষ্ট তথ্য এড়িয়ে গেলেও মামলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসামি রুবেল একজন পেশাদার জাল নোট চক্রের সদস্য এবং তাঁর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় জাল নোট তৈরি, প্রতারণা, মানি লন্ডারিং ও পর্নোগ্রাফি আইনে অন্তত ১৬টি মামলা রয়েছে।

 

এজাহারের তথ্য অনুযায়ী, গত ৬ আগস্ট বিকেলে বনানী সুপারমার্কেটের 'মনিমালা জুয়েলার্স'-এ ক্রেতা সেজে প্রবেশ করেন রুবেল ও তাঁর সহযোগী আবদুল্লাহ আল কাফি (৩৭)। ভাগনির বিয়ের কথা বলে ২০-২১ ভরি স্বর্ণালংকার পছন্দ করার পর রুবেল ট্রলি ব্যাগ থেকে ১ হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিল বের করে দেন। নোটগুলো পরীক্ষা করে সন্দেহ হলে কর্মচারীরা জাল টাকা হিসেবে শনাক্ত করেন।

 

বিষয়টি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রুবেলকে ধরে পিটুনি দেয় এবং তাঁর সহযোগী কাফি পালিয়ে যান। পরে পুলিশ এসে রুবেলকে উদ্ধার করে চিকিৎসায় পাঠায় এবং তাঁর ট্রলি ব্যাগ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৫৮টি বান্ডিলে থাকা ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন