বাংলাদেশ, জাতীয়

৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক ক্ষেত্রে সুযোগ বুঝে নিরপরাধ ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে, যাদের ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। মানুষের এ ভোগান্তি নিরসনে এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পুলিশকে মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে আইনের শাসন সমুন্নত থাকে এবং কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই যাচাই-বাছাই শেষে পুলিশ একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।

 

একই বৈঠকে বিগত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোও নতুন করে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ে দেওয়া লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়া মেনে দেওয়া হয়েছে কি না এবং প্রাপকরা আদৌ যোগ্য ছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে যারা প্রকৃত শর্ত মেনে লাইসেন্স পেয়েছেন তাদের সেটি বহাল থাকবে, তবে রাজনৈতিক বিবেচনায় বা অপরাধমূলক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্সগুলো বাতিল করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না এবং এমনটি ঘটলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। একইসঙ্গে পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ হয়রানির শিকার হয় এমন কোনো কাজ পুলিশ করতে পারবে না। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন