জেলার সংবাদ, অপরাধ

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ২টি পিস্তল আমবাগান বস্তি থেকে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা ইউনিট (ডিবি)। ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল দুটি ডবলমুরিং থানার বলে নিশ্চিত হওয়া গেছে।

রবিবার বিকেলে আমবাগান এলাকার রেলওয়ে কলোনির পেছনে থাকা একটি বস্তি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে ডিবি উত্তরের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিম।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি-  আমবাগান রেলওয়ে কলোনির পেছনে অস্ত্র বেচাকেনা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালালে অস্ত্র ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে টরাস ব্র্যান্ডের দুটি ৯ এমএম পিস্তল জব্দ করি। পরে ক্রস চেক করে জানতে পারি, অস্ত্র দুটি ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল।’

 

তিনি আরও জানান, অপরাধীদের ধরতে কাজ করছে ডিবির একাধিক টিম।

 

উল্লেখ্য, গতকাল রাতে একই এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ মোট দুই পুলিশ সদস্য আহত হন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন