শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসজুড়ে নিয়মিত মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজ নির্বাচনী এলাকার ৩১৭ জন কিশোরকে নতুন সাইকেল উপহার দিচ্ছেন তিনি।
রবিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১১ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী দিনে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী জামাতে নামাজ পড়া ২৭ জন এবং রূপনগর টিনশেড এলাকার ১৮ জনসহ মোট ৪৫ জন কিশোরের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তাঁর এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী যেসব শিশু পুরো রমজান মাসে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তাদের সাইকেল দেওয়ার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। রোববারের অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। তিনি বলেন, এই উপহার দেওয়ার মূল উদ্দেশ্য কেবল পুরস্কার প্রদান নয়, বরং শিশু-কিশোরদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। ভবিষ্যৎ প্রজন্ম যেন ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা নিয়ে বেড়ে ওঠে এবং সারাজীবন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজের এই অভ্যাস ধরে রাখতে পারে, সেটিই তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টার প্রধান লক্ষ্য।
জানা যায়, মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদে এই ব্যতিক্রমী কর্মসূচি পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে মোট ৩১৭ জন কিশোর এই সাইকেল উপহার পাচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী বছর এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে এবং ইনশাআল্লাহ এলাকার আরও বেশি সংখ্যক মসজিদে এমন কার্যক্রম চালু করা হবে।
ডিবিসি/এফএইচআর