দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ইরান ও কাতারের মধ্যে পুনরায় সামুদ্রিক বাণিজ্য শুরু হয়েছে। রোববার (৫ জুলাই) দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি আব্বাস আবদোলখানি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরানের দাইর বন্দর ও কাতারের আল রুওয়াইস বন্দরের মধ্যে শিপিং আবার চালু হয়েছে। এটি ইরান দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে এই বাণিজ্য রুটটি প্রায় পাঁচ মাস বন্ধ ছিল।
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তির মাধ্যমে চার মাস ধরে চলা সংঘাতের অবসান ঘোষণা করা হয়। এই চুক্তিতে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধপূর্ববর্তী স্বাভাবিক সামুদ্রিক যান চলাচল পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়। তবে, উপসাগরে প্রবেশ ও প্রস্থানের বিষয়টি এখনও কিছুটা বিতর্কিত ও চ্যালেঞ্জিং রয়ে গেছে।
ভৌগলিকভাবে বিপরীত দিকে অবস্থিত এই দুটি বন্দর মূলত আঞ্চলিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। উল্লেখ্য, যুদ্ধ চলাকালীন দায়ের বন্দরে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছিল।
এর আগে গত জুনের শেষের দিকে ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের এক কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে (এই অঞ্চলের বৃহত্তম বন্দর) ইরানি পণ্য খালাস করা শুরু হয়েছে। এটি উপসাগরীয় অঞ্চলের দুই প্রান্তের মধ্যে ধীরে ধীরে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক হওয়ারই একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।
ডিবিসি/এসএস