বাংলাদেশ

৫ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা তিন দিন ধরে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং একই সময়ে রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ৬৫ মিলিমিটার। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন বজায় থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

 

বৃষ্টির এই আবহাওয়ার মাঝেই আজ বৃহস্পতিবার সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে এই তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

 

এছাড়া দেশের অধিকাংশ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কার কথা জানানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন