ইরানের ওপর চলমান সামরিক অভিযানের মুখে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, বর্তমান মাত্রার একটি তীব্র যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা তেহরানের রয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফারস নিউজ'-এ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি-র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই অপারেশন অন্তত আরও ছয় মাস ধরে চালিয়ে যেতে সক্ষম।”
ইরানি কর্মকর্তাদের এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। গত কয়েক দিনে ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে।
সপ্তাহান্তে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা এই যুদ্ধে বিশাল ব্যবধানে জয়ী হচ্ছি। আমরা তাদের পুরো অশুভ সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছি।”
উল্লেখ্য, আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সংস্থা। কেবল সামরিক বা গোয়েন্দা কার্যক্রমেই নয়, বরং ইরানের রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতিতেও এই বাহিনীর বিশাল নিয়ন্ত্রণ রয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই পর্যায়ে এসে আইআরজিসি-র এমন বক্তব্য মূলত তাদের অভ্যন্তরীণ মনোবল চাঙ্গা রাখা এবং প্রতিপক্ষকে কৌশলগত বার্তা দেওয়ার একটি প্রয়াস।
বর্তমানে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। একদিকে ট্রাম্পের পক্ষ থেকে চূড়ান্ত বিজয়ের ঘোষণা, অন্যদিকে ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি-সব মিলিয়ে সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল