দেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থীকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ আগ্রহে শিক্ষার্থীদের জন্য সংসদ ভবনের গ্যালারিতে এই আসন বরাদ্দ করা হয়েছে।
মাউশির তথ্য অনুযায়ী, মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী এই সুযোগ পাবেন। সংসদ ভবনের শিশু গ্যালারিতে ৫০টি এবং শিউলী বা শিমুল গ্যালারিতে ১০০টি আসন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তবে এই সুযোগ পেতে শিক্ষার্থীদের ছয়টি বিশেষ শর্ত পালন করতে হবে।
শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে অন্তত সাত কার্যদিবস আগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার বিস্তারিত তথ্য এবং শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড ও জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
সংসদ ভবনে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে এবং ভেতরে কোনো ধরনের মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাগ, ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না।
এছাড়া শিক্ষার্থীদের মার্জিত পোশাক বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করতে হবে এবং আইডি কার্ড দৃশ্যমান অবস্থায় রাখতে হবে। সংসদ ভবনের ভেতর শৃঙ্খলা বজায় রাখা, শোরগোল না করা এবং দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো বিশেষ পরিস্থিতিতে কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে সংসদ সচিবালয়।
ডিবিসি/টিবিএ