জাতীয়

৬ সংসদীয় আসনে যুক্ত হচ্ছে সিটি করপোরেশনসহ নতুন উপজেলা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক খসড়ায় ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসন অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিটি করপোরেশন ও উপজেলা সৃষ্টি হওয়ায় ৬টি আসনে সীমানা পরিবর্তন এসেছে। এ তালিকায় রয়েছে ময়মনসিংহ-৪, মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সিলেট-১, সিলেট-৩ ও কক্সবাজার-৩ আসন।

মাদারীপুর-৩

কালকিনি উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘ডাসার’ নামে নতুন একটি উপজেলা হয়েছে। এ কারণে এ আসনেও পরিবর্তন আসছে। বর্তমানে কালকিনি উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন (খোয়াজপুর, ঝাউদি, ঘটমাঝি, মস্তফাপুর ও কেন্দুয়া) নিয়ে এ আসনটি প্রাথমিক খসড়ায় যুক্ত করা রয়েছে। কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর উপজেলার পাঁচ ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নির্বাচনী এলাকার বিস্তৃতি করা হবে ।

সুনামগঞ্জ-১

ধর্মপাশা উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ‘মধ্যনগর’ নামে নতুন একটি  উপজেলা হয়েছে। এ কারণে এ আসনে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে এ আসনটি যুক্ত করা রয়েছে। 

সুনামগঞ্জ-৩

জগন্নাথপুর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে বর্তমান আসনের সীমানা নির্ধারণ করা হচ্ছে । দক্ষিণ সুনামগঞ্জ নাম পরিবর্তন হয়ে এখন শান্তিগঞ্জ করা হয়েছে। তাই জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে একই সীমানা থাকলেও এই আসনটির পরিবর্তন দেখানো হয়েছে।

ময়মনসিংহ-৪

বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলা নিয়েই এই আসনটি বিদ্যমান রয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশন হওয়ায় সিটি করপোরেশনভুক্ত এবং সদর উপজেলা নিয়েই আসনটির বিস্তৃতি হবে বলে এই আসনটির প্রস্তাব করা হয়েছে।

সিলেট-১

সিলেট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ ও তিনটি ইউনিয়ন পরিষদের আংশিক সিলেট সিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা নিয়ে আসনটি ছিল। এখন সিলেট সদরের সঙ্গে ১-২৭ ও ৩১-৩৯ নম্বর ওয়ার্ড নিয়েই হবে এ আসন।

সিলেট-৩

দক্ষিণ সুরমার দুইটি ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ ও একটি ইউনিয়ন পরিষদের আংশিক সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে  বর্তমানে আসনটি থাকলেও প্রস্তাবিত সীমানায় সিটি ওয়ার্ড ২৮-৩০ ও ৪০-৪২ এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা যুক্ত করা হবে।

কক্সবাজার-৩

সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নিয়ে ‘ঈদগাঁও’ নামে নতুন আরেকটি উপজেলা সৃষ্টি করা হয়েছে।  এজন্য প্রাথমিক খসড়ায় এখানেও পরিবর্তন করা হয়েছে । বর্তমানে কক্সবাজার সদর ও রামু উপজেলা নিয়ে আসনটি রয়েছে। আর প্রস্তাবিত সীমানায় কক্সবাজার সদর, ঈদগাঁও ও ও রামু উপজেলা যুক্ত করা হবে।

প্রত্যেক আদমশুমারির পর আদমশুমারি পরবর্তী সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এবার চূড়ান্ত জনশুমারি প্রতিবেদন পেতেই বিলম্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে আগের সংসদ নির্বাচনের সীমানা বহাল রেখেই খসড়া প্রকাশ করা হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ অনুযায়ী- ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি সর্বশেষ আদমশুমারির প্রতিবেদনে উল্লিখিত জনসংখ্যার যতদূর সম্ভব বাস্তব বণ্টনের ভিত্তিতে সীমানা নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমে জানান, ইতোমধ্যে ৩০০ সংসদীয় আসনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে আগের সংসদ নির্বাচনের সীমানাই বহাল রাখা হয়েছে। শুধু প্রশাসনিক এলাকার নাম পরিবর্তন ও সিটি এলাকাভুক্ত অংশ যুক্ত করে ছয়-সাতটি আসনে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। 

তবে ৩০০ আসনের সীমানা নিয়ে এখন দাবি, আপত্তি আবেদন এলে কমিশন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন