সাত, আট কিংবা ৯ মাত্রার শক্তিশালী কম্পন নয়, গত শুক্রবারের মতো ৫ দশমিক ৭ মাত্রার আরেকটি মাঝারি ভূমিকম্পেই রাজধানী ঢাকায় ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়। বুয়েটের গবেষকরা জানিয়েছেন, ওই দিনের ভূমিকম্পে ঢাকার প্রায় ৮০ ভাগ ভবন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা দুর্বল হয়েছে। এই পরিস্থিতিতে আবারও একই মাত্রার কম্পন অনুভূত হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
রাজধানীর অদূরে নরসিংদীতে গত শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, তাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবনে ফাটল ধরে এবং হতাহতের ঘটনাও ঘটে। এরপর কাছাকাছি এলাকায় কয়েকটি আফটারশক বা পরাকম্পন হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বুয়েটের বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী জানান, শুক্রবারের ভূমিকম্পেই বহু ভবন দুর্বল হয়ে পড়েছে। তাই পরবর্তীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।
ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মোহম্মদ আবদুল্লাহ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমানও একই মত পোষণ করেছেন। তাদের মতে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা সতর্ক করে বলেন, এখনই সঠিক পরিকল্পনা নিয়ে না এগোলে ভূমিকম্পের ঝুঁকি কমানো সম্ভব হবে না এবং সামনে বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। পাশাপাশি ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডিবিসি/আরএসএল