খেলাধুলা, ফুটবল

৮৬ সালের মতো নীল জার্সি পরেই ইংল্যান্ডের সাথে খেলবে আর্জেন্টিনা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৬ জুলাই) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ওঠার এই মহারণে লিওনেল স্কালোনির দল তাদের বিকল্প নীল জার্সি গায়ে জড়িয়ে খেলবে, আর ইংল্যান্ড মাঠে নামবে ঐতিহ্যবাহী সাদা জার্সিতে। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের সমন্বয় বৈঠকের পর ফিফা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

নীল জার্সির এই সিদ্ধান্তে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের স্মৃতি আবারও ফিরে আসছে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরেই ডিয়েগো ম্যারাডোনা তার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করেছিলেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা মাত্র একবার নীল জার্সি ব্যবহার করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জার্সি পরে তারা জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে, ইংল্যান্ড তাদের খেলা ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই সাদা জার্সি পরেছে। কেবল গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে তারা লাল জার্সি পরে মাঠে নেমেছিল।

 

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নীল জার্সি পরে মাঠে নামার এটি চতুর্থ ঘটনা। এর আগে ১৯৬২, ১৯৮৬ ও ১৯৯৮ সালের বিশ্বকাপেও এই দুই দল মুখোমুখি হওয়ার সময় আর্জেন্টিনা নীল জার্সি পরেছিল। তবে ১৯৬৬ ও ২০০২ সালের বিশ্বকাপে তারা তাদের চিরচেনা আকাশি-সাদা হোম জার্সিতেই খেলেছিল।

 

ফিফার নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের ব্র্যাকেটের ওপরের দিকে থাকা দলকে 'টিম এ' হিসেবে বিবেচনা করা হয়। এই ম্যাচে ইংল্যান্ড 'টিম এ' হওয়ায় তারা হোম জার্সি ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে। মূলত খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং দর্শকদের চেনার সুবিধার্থে দুই দলের জার্সির মধ্যে সর্বোচ্চ দৃশ্যমান পার্থক্য নিশ্চিত করতেই ফিফা এই নিয়ম অনুসরণ করে থাকে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন