বাংলাদেশ, জেলার সংবাদ

৯ম বারের মতো জয়ী তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৮ই জানুয়ারী ২০২৪ ১০:৩৪:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯৭৭ ভোট। এই জয়লাভের মধ্য দিয়ে তিনি নৌকার প্রার্থী হিসেবে ৯ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

আওয়ামী লীগের হেভিওয়েট এই নেতার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাজাহান মিয়া লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট। ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এ আসনে ভোট পড়েছে ৫০ দশমিক ১ শতাংশ।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে নৌকা প্রতীক নিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। এরপর একে একে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শিল্প-বাণিজ্য এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ।

ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী ভোলার বাকি তিনটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। এর মধ্যে ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী (জেপি) পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট।

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

এছাড়া ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (লাঙল) পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন