২০২১ সালের ক্রিসমাসের ঠিক আগে জুম কলে একযোগে ৯০০ কর্মীকে ছাঁটাই করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন মর্টগেজ সেবাদাতা প্রতিষ্ঠান বেটার ডটকমের (Better.com) প্রতিষ্ঠাতা ও সিইও বিশাল গর্গ। সম্প্রতি তাকেই নিজ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে। তবে এবার তিনি দাবি করেছেন, তাকে প্রতারণা করে পদচ্যুত করা হয়েছে এবং তিনি তার হারানো সিইও পদ ফিরে পেতে চান। ড্যানিয়েল লুইস নামের যে ব্যক্তি গত সপ্তাহে তার স্থলাভিষিক্ত হয়েছেন, তার বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন গর্গ।
গর্গের দাবি, লুইস তাকে ধোঁকা দিয়েছেন। প্রথমে কোম্পানির ব্যবসায়িক কৌশলের প্রশংসা করে এবং এক্সে (সাবেক টুইটার) ইতিবাচক কথা বলে লুইস তার বিশ্বাস অর্জন করেন ও পরিচালনা পর্ষদে জায়গা করে নেন। গত ২৭ জুলাই বোর্ডে যোগ দেওয়ার মাত্র এক সপ্তাহ পর, ৩ আগস্ট লুইস অন্যান্য পরিচালকদের প্ররোচিত করে গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেন এবং নিজেই সেই চেয়ারে বসেন। গর্গ মনে করেন, লুইসের শুরু থেকেই সিইও হওয়ার গোপন উদ্দেশ্য ছিল, যা বোর্ড বুঝতে ভুল করেছে।
বিগত কয়েক বছর ধরে বিশাল গর্গের নেতৃত্বে বেটার ডটকমকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। মহামারির সময়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও, মর্টগেজ ব্যবসার মন্দা এবং সুদের হার বৃদ্ধির কারণে বর্তমানে তা মাত্র ৩০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে। জুম কলে ছাঁটাইয়ের কেলেঙ্কারি, হুইসেলব্লোয়ার মামলা, এসইসি (SEC) তদন্ত এবং ২০২৩ সালে শেয়ারবাজারে বিপর্যয়কর অন্তর্ভুক্তির পর কোম্পানির শেয়ারের দাম ৯৩ শতাংশ কমে যায়। ২০২১ সালে কোম্পানির বার্ষিক আয় ১.৫ বিলিয়ন ডলার থাকলেও ২০২৩ সালে তা ধসে ৭০ মিলিয়ন ডলারে নেমে আসে।
তবে গর্গের দাবি, তিনি কোম্পানিটিকে খাদের কিনারা থেকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করে মর্টগেজ প্রক্রিয়াকরণ দ্রুত করার মাধ্যমে কোম্পানিটি ঘুরে দাঁড়াচ্ছিল। ওপেনএআই (OpenAI), কয়েনবেস (Coinbase) এবং ইনটুইটের (Intuit) মতো বড় প্রতিষ্ঠানের সাথে তারা চুক্তি করেছিল। এর ফলে এ বছর কোম্পানির আয় ২০০ মিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কোম্পানিটি লাভের খুব কাছাকাছি চলে আসার ঠিক আগ মুহূর্তেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি আক্ষেপ করেন।
লুইস সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বেটার ডটকমের শেয়ারের দাম আরও ৪৫ শতাংশ কমে গেছে। গর্গ জানিয়েছেন, ভীত অনেক বিনিয়োগকারী তাকে সিইও হিসেবে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। নিজের এবং কিছু প্রাথমিক বিনিয়োগকারীর হাতে থাকা বিশেষ ভোটাধিকার যুক্ত 'ক্লাস বি' শেয়ারের জোরে তিনি পদ ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আইনি লড়াইয়ের জন্য তিনি প্রখ্যাত আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ দিয়েছেন এবং পর্ষদের কাছে সিইও পদ ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছেন। গর্গ প্রস্তাব দিয়েছেন, কোম্পানিকে পুনরায় লাভজনক অবস্থায় নিয়ে আসার আগ পর্যন্ত তিনি বার্ষিক মাত্র ১ ডলার বেতনে কাজ করবেন এবং এরপর সিইও পদ থেকে সরে দাঁড়াবেন।
সূত্র: সিএনএন
ডিবিসি/পিআরএএন