বাংলাদেশ, জাতীয়

৯৬ ঘণ্টা সীমিত থাকবে মোবাইল ব্যাংকিং, পরিশোধ করা যাবে বিভিন্ন বিল

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৯:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিংয়ে ৯৬ ঘণ্টার বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই নির্দেশনা আগামী ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সময়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সব ধরনের ক্যাশ-ইন এবং ক্যাশ-আউট সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে গ্রাহকেরা কোনো এজেন্ট পয়েন্ট থেকে তাঁদের হিসাবে টাকা জমা দিতে বা নগদ টাকা উত্তোলন করতে পারছেন না। মূলত এই কারণেই বিকাশ বা নগদের অ্যাপে বর্তমানে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট অপশনগুলো নিষ্ক্রিয় রাখা হয়েছে।

 

তবে জরুরি প্রয়োজনে ব্যক্তিগত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর বা ‘সেন্ড মানি’ করার সুবিধা চালু রাখা হলেও তাতে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার মিলিয়ে মোট ১০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। এছাড়া মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ এবং কেনাকাটার পেমেন্ট ব্যবস্থা আগের মতোই স্বাভাবিক রয়েছে।

 

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ফি এবং সরকারি জরুরি সেবার ফি পরিশোধের ক্ষেত্রেও কোনো নতুন বিধিনিষেধ নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর থেকে সব ধরনের এমএফএস সেবা পুনরায় আগের মতো পূর্ণাঙ্গভাবে সচল হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন