রাজনীতি

৯ ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য রাখবেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির দলীয় প্রধানের ভাষণ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল বিএনপিই তাদের প্রধানের ভাষণ প্রচারের আবেদন জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) বিটিভিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

 

ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে এই সুযোগ নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়ম অনুযায়ী আচরণ বিধিমালা অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করার কথা। 

 

তবে যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে প্রচারের সুযোগ চেয়ে আবেদন করেনি, তাই দলটির চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তাদের দলীয় প্রধানের বক্তব্য প্রচারের সুযোগ দিতে বলা হয়েছে। ভাষণ রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫১টি দল ভোটে প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের আগে তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে। সেক্ষেত্রে ৯ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ভাষণ প্রচারের কাজ শেষ করতে চায় বিটিভি।

 

ইসি কর্মকর্তারা জানান, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, যা এবার পুনরায় চালু হতে যাচ্ছে। এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রচারের শেষ সময়ে এসে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভাষণ প্রচার করা হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগে একই উদ্যোগ নেওয়া হলেও বিএনপি ভোট বর্জন করায় কেবল শেখ হাসিনার ভাষণ প্রচারিত হয়।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন