মৌলভীবাজারের ঘটনা

৯ বছর ধরে বিছানায় খাদিজা, ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর বাড়ল সহায়তার হাত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জন্মের পর থেকেই শারীরিক নানা জটিলতা। বয়স বাড়লেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠা হয়নি। অন্য শিশুরা যখন খেলাধুলা আর হাসি-আনন্দে ছুটে বেড়ায়, তখন ৯ বছরের খাদিজা জান্নাতের জীবন কাটছে বিছানায়। অর্থের অভাবে দীর্ঘ ৯ বছর ধরে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র বাবা-মা। খাদিজার এই অসহায় জীবনের গল্প ডিবিসি নিউজে প্রচারের পর তার পাশে দাঁড়িয়েছে জুড়ী উপজেলা প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিবিসি নিউজে প্রচারিত প্রতিবেদন দেখে অসুস্থ শিশু খাদিজা জান্নাতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী।


এ সময় তিনি খাদিজা জান্নাতের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষসহ সকলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


খাদিজার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী জসিম উদ্দিন ডিবিসি নিউজকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবেদন প্রকাশের পর মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত তার বিকাশ নম্বরে প্রায় ৭০ হাজার টাকা সহায়তা এসেছে।


খাদিজা জান্নাত মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের জসিম উদ্দিন ও হালিমা বেগম দম্পতির মেয়ে। জন্মের পর থেকেই তার শারীরিক নানা সমস্যা দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জটিলতাও বাড়তে থাকে। বর্তমানে বেশিরভাগ সময়ই তাকে বিছানায় শুয়ে থাকতে হয়।


খাদিজার মা হালিমা বেগম জানান, মেয়ের চিকিৎসার জন্য গত ৯ বছরে সাধ্যমতো বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটেছেন তারা। কিন্তু অর্থ সংকটের কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা করাতে পারেননি। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, খাদিজার শরীরের রগ শুকিয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা ও অপারেশন করানোর পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে ডিবিসি নিউজে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের সহায়তা এবং মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ায় কিছুটা আশার আলো দেখছেন খাদিজার বাবা-মা। তবে উন্নত চিকিৎসার জন্য আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন