জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয় ব্যক্তি এবং দুই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পুরস্কার তুলে দেন তিনি।
এসময় সরকার প্রধান বলেন, স্বাধীনতা না পেলে বাঙালিকে পরাজয়ের গ্লানি নিয়ে থাকতে হতো, হতে হতো শোষিত, বঞ্চিত। স্বাধীনতায় জাতির পিতার অবদানের আদর্শ, অনুপ্রেরনা হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। আগামীতে কারো কাছে হাত পেতে চলবে না বাংলাদেশ।
পদকপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে পদক পেলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক।
চিকিৎসাবিদ্যায় অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক মো. কামরুল ইসলাম এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। স্থাপত্যে মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ পুরস্কার পেয়েছে।
সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।