জেলার সংবাদ

৯ শ্রমিকের মৃত্যুর পর সীতাকুণ্ডের সেই শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৩ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে থাকা ‘এমটি রাসি’ নামের জাহাজটি কাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে এক শুনানি শেষে এই আদেশ দেন সংস্থাটির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন।

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার এইচ আকবর আলী সড়কে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে ‘এমটি রাসি’ জাহাজটি কাটা হচ্ছিল। পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই চলছিল এই কার্যক্রম। চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন ও নথিপত্র পর্যালোচনায় বিষয়টি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে শুনানির জন্য তলব করা হয়।

 

শুনানিতে ছাড়পত্র নবায়ন ছাড়া জাহাজ কাটার বিষয়টি প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী অনুমোদিত পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতিতে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে নির্ধারিত চালানের মাধ্যমে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আদেশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করলে কিংবা আদেশ বাস্তবায়নে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

এদিকে, জরিমানার বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, জাহাজটির পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ মাত্র দুদিন আগে শেষ হয়েছিল। ওয়াহিদ ফেরদৌস শিপইয়ার্ডের কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘ইয়ার্ডের জন্য যেমন পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন, তেমনি প্রতিটি জাহাজের জন্যও আলাদা ছাড়পত্র নিতে হয়। সংশ্লিষ্ট জাহাজটির ছাড়পত্রের মেয়াদ মাত্র দুদিন আগে শেষ হলেও তা তাৎক্ষণিকভাবে নবায়ন করা সম্ভব হয়নি। এ কারণেই পরিবেশ অধিদপ্তর আমাদের জরিমানা করেছে।’

 

তবে পরিবেশ অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধিত হয়েছে, যা শুনানিতে প্রমাণিত। তাই জরিমানার পাশাপাশি ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত জাহাজটির কাটিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ও ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ইয়ার্ডগুলোর নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা চলছে। এর মধ্যেই ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার এই ঘটনা ইয়ার্ডগুলোর পরিবেশগত কমপ্লায়েন্স বা নিয়ম মানার সদিচ্ছা নিয়ে নতুন করে প্রশ্ন সামনে এনেছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন