বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত দৈনিক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে এদিন মোট ৫৪ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৫২ হাজার ৯৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠি জেলায় ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, এদিন কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
ডিবিসি/এসএস